সাউথ বেঙ্গল নিউজ ডেস্ক ;
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার (৯ নভেম্বর) দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাঠানো এক চিঠিতে এ আবেদন জানানো হয়েছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম উদ্যোগ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শেখ হাসিনার এ আবেদনকে বাংলাদেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের আগস্টে তার দীর্ঘ শাসনের অবসান ঘটে। এর আগে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।
রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান। সোমবার তার সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ জানানো হবে।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক দলিলের আওতায় সংশ্লিষ্ট বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে চিঠিতে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
সূত্র: রয়টার্স
Reporter Name 

























