কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. শাহজাহান (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজাহান পিরোজপুর সদর উপজেলার মাসুমপুর গ্রামের বাসিন্দা। তিনি কাউখালী উপজেলা পরিষদের পরিচ্ছন্নতাকর্মী মিরাজ হোসেনের বাবা। কয়েক দিন আগে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বেলা আনুমানিক ১১টার দিকে শাহজাহান উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামেন। গোসল শেষে তিনি আর বাসায় ফিরে না যাওয়ায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরের দিকে পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ হাসান জানান, পানিতে ডুবেই ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে শাহজাহানের মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Reporter Name 



















