কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের সঙ্গে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। সভা সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
সভা শুরুর আগে উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক। পরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, ওসি (তদন্ত) এবাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব রফিকুল ইসলাম রফিক, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার ও হাফেজ এবাদত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, কাউখালীতে কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভাটি অত্যন্ত প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়েছে। এলাকার উন্নয়নে সবার মধ্যে আন্তরিকতা ও প্রত্যাশা রয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে নির্ধারিত সময়ে বাস্তবায়ন করাই প্রশাসনের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নে প্রশাসন কাজ করবে। দুর্নীতিমুক্ত ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে কাউখালীর সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার বলেন, জেলা প্রশাসকের দিকনির্দেশনা উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে। কাউখালীর আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি সেবা সাধারণ মানুষের কাছে সুষমভাবে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। জেলা প্রশাসকের সহযোগিতায় কাউখালীকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তাঁরা বদ্ধপরিকর।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















