সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে মলদ্বারে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে ৮১৩ দশমিক ৫০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকাল ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অভিযান চালিয়ে তাঁকে আটক করে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের পরিকল্পনার বিষয়ে তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন ওই ব্যক্তি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হলে মলদ্বারে লুকানো দুটি প্যাকেটে স্বর্ণের পেস্টের সন্ধান পাওয়া যায়।
আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের বাসিন্দা।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 


















