
সাতক্ষীরা প্রতিনিধি:
ডেঙ্গুর বিস্তার রোধ ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে সাতক্ষীরা পৌরসভার ৯টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পৌরসভার ৯টি ওয়ার্ডকে তিনটি গ্রুপে ভাগ করে পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়।
অভিযানের অংশ হিসেবে ৬ নম্বর ওয়ার্ডের বাঁকাল কোল্ডস্টোরেজের সামনে, ৭ নম্বর ওয়ার্ডের বাঙালের মোড়-ইটাগাছা বউবাজার সড়ক, ১ নম্বর ওয়ার্ডের কাটিয়া এবং ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির সামনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে পৌরসভার অন্য ওয়ার্ডগুলোতেও এ কার্যক্রম চালানো হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী, নির্বাহী প্রকৌশলী আলী হায়দার, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আক্তার হোসেন তালুকদার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, স্যানিটারি ইন্সপেক্টর রবিউল আলম এবং কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলী।
এ ছাড়া বিডি ক্লিন ও রেড ক্রিসেন্টের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা কর্মসূচিতে অংশ নেন।
অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সাতক্ষীরা পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে পৌর প্রশাসকের দিকনির্দেশনায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এডিস মশার লার্ভা ধ্বংস এবং পৌরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান শুধু এক দিনের জন্য নয়, পৌরসভার ৯টি ওয়ার্ডেই নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ডেঙ্গু মোকাবিলায় পৌরবাসীর সচেতনতা ও সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।’
পৌর কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা তৈরির উদ্যোগও অব্যাহত থাকবে। এ জন্য পৌরবাসীকে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও আশপাশের জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।
Reporter Name 


















