
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সংঘটিত আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোহাম্মদ সিফাত (২৬)কে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার মহেশখালীয়াপাড়া বটতলী বাজার ইউনিয়ন পরিষদের সামনে র্যাব-১৫ ও র্যাব-৭, চট্টগ্রামের যৌথ দল অভিযান চালিয়ে সিফাতকে আটক করে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পেকুয়া এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর ঘরের দরজা খোলাকে কেন্দ্র করে বাদীপক্ষের পরিবারের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বিরোধের সৃষ্টি হয়। এর জেরে গত ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে সিফাত, নাজেম উদ্দিন, মোহাম্মদ বাহাদুরসহ অজ্ঞাতনামা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর বাড়িতে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা ধারালো কিরিচ, লোহার হাতুড়ি ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে বাদী ও তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদীর বাবাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৮ জুন পেকুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় মোহাম্মদ সিফাতকে ১ নম্বর আসামি করা হয়।
র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে সিফাত চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে র্যাব-১৫-এর সিপিসি-১ (টেকনাফ কোম্পানি) এবং র্যাব-৭, চট্টগ্রামের সদস্যরা। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সিফাতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 



















