
সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা জেলার প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (Physical Endurance Test) সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত এ ব্রিফিং প্যারেডে জেলার নিয়োজিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক, পুলিশ সুপার এবং নিয়োগ বোর্ডের সভাপতি আবু সালেহ মো. আশরাফুল আলম।
ব্রিফিংকালে পুলিশ সুপার বলেন, নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নিয়োগ কার্যক্রমের সার্বিক সফলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আগামী ২১, ২২ ও ২৩ জুন সাতক্ষীরা জেলার প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ, কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন বিশেষ পুলিশ সুপার (এসবি), ঢাকা মো. রেজাউল করিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ওঅ্যান্ডএম), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা সাখের হোসেন সিদ্দিকী।
নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল), যশোর মো. আহসান হাবীব; অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), খুলনা সাইফুল ইসলাম এবং সশস্ত্র পুলিশ পরিদর্শক (আরআই), পুলিশ লাইন্স, সাতক্ষীরা মো. নাজমুল হক।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) খালিদ মো. আরাফাত, মো. ইমরান খান ও শাওন রেজাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
Reporter Name 



















