
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মানুষের জন্য আধুনিক স্বাস্থ্যসেবায় যুক্ত হতে যাচ্ছে নতুন একটি প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার জন্য বরিশাল শহরে যেতে বাধ্য হওয়া স্থানীয়দের ভোগান্তি কমাতে উপজেলা সদরের সাহেবগঞ্জ এলাকায় শিগগিরই উদ্বোধন হতে যাচ্ছে ‘নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার’।
প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং নির্ভুল রিপোর্ট প্রদানের অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে এ ডায়াগনস্টিক সেন্টার। রোগ নির্ণয়ে সঠিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় রেখে সর্বাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এর কার্যক্রম পরিচালিত হবে।
কর্তৃপক্ষের দাবি, এখানে ইউরোপ ও আমেরিকার প্রযুক্তিনির্ভর আধুনিক ডায়াগনস্টিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে সিবিসি (CBC), আরবিএস (RBS), লিপিড প্রোফাইল, থাইরয়েড, বিভিন্ন হরমোন পরীক্ষা, এইচবিএসএজি (HBsAg), ডেঙ্গু, কোভিড-১৯সহ বিভিন্ন ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা ছাড়াও আল্ট্রাসনোগ্রাম, ইসিজি (ECG) ও ইকোকার্ডিওগ্রাম নির্ভুলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।
প্রতিষ্ঠানটিতে ফুলি অটোমেটেড অ্যানালাইজার (Fully Automated Analyzer) এবং ডিজিটাল ইউএসজি (Digital USG) মেশিনসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হবে, যা পরীক্ষার ফলাফলের নির্ভুলতা নিশ্চিত করতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া অভিজ্ঞ মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ানদের পাশাপাশি মেডিসিন, গাইনি ও প্যাথলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের সেবা দেওয়া হবে। নারী রোগীদের সুবিধার্থে থাকবেন অভিজ্ঞ মহিলা টেকনিশিয়ানও।
রোগীদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচ্ছন্ন, শীতাতপ নিয়ন্ত্রিত ও আরামদায়ক পরিবেশে পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি পরীক্ষার রিপোর্ট এক ঘণ্টার মধ্যে এবং অন্যান্য রিপোর্টও স্বল্পতম সময়ে সরবরাহের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সেবার মানের পাশাপাশি ব্যয়ও সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পরীক্ষায় বিশেষ মূল্যছাড় দেওয়ারও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানের পরিচালক বলেন, “আমরা কেবল একটি ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ শুরু করছি। বাকেরগঞ্জের মানুষ যেন নিজ এলাকাতেই উন্নত ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় সেবা পায় এবং ভুল রিপোর্ট বা প্রতারণার শিকার না হয়, সেটিই আমাদের মূল লক্ষ্য। মানুষের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা।”
স্থানীয় সচেতন মহলের মতে, আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ডায়াগনস্টিক সেন্টার চালু হলে বাকেরগঞ্জে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং রোগীদের সময়, ব্যয় ও দুর্ভোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রতিষ্ঠানটির উদ্বোধনের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট চিকিৎসক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Reporter Name 

























