সাতক্ষীরা প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আনন্দ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সখিপুর বাজারস্থ কৃষি ব্যাংকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা নবগঠিত জেলা যুবদল কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, নেতৃত্বের এ দায়িত্ব সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় যুবদল নেতৃত্ব যে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে নতুন কমিটি গঠন করেছেন, তা সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ দায়িত্ব পালনে তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
সমাবেশে বক্তব্য দেন দেবহাটা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আলী রেজা, কুলিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, পারুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গোলাম রসুল ও সাধারণ সম্পাদক শাহীন আলম, সখিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম ও সদস্য সচিব সোহাগ হোসেন, দেবহাটা সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুদা বাপ্পী ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, নওয়াপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদশা ও সদস্য সচিব কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।
Reporter Name 

















