
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না ফেরদৌসি। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আব্দুল হাই, সেক্রেটারি মাওলানা জিহাদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামপাল উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মাজিদুর রহমান জুয়েল, রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মো. শাহাজালাল গাজীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, আহত যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বীর শহিদ ও যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং এ আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা প্রয়োজন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। আত্মত্যাগী বীর যোদ্ধা ও শহিদদের রক্তে অর্জিত এই চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। নতুন প্রজন্মের কাছে এ আন্দোলনের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব।”
অনুষ্ঠান শেষে জুলাই যোদ্ধা ও জুলাই শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয় এবং দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Reporter Name 






















