কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
‘মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি; অবসর সময় খেলাধুলার মধ্য দিয়ে কাটাই’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু প্রতিযোগিতা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের জয়কুল গ্রামের আইরন জয়কুল স্কুল মাঠে জয়কুল ব্রাদার ক্লাবের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় স্থানীয় চারটি দল অংশগ্রহণ করে।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শক্তিশালী প্রতিদ্বন্দ্বী কাঠালিয়া একাদশকে পরাজিত করে জয়কুল ব্রাদার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমী দর্শক।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, এবং যুবদলের সদস্য সচিব শারিফুল আলম সোহেল।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, কাউখালী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম বাদল, উপজেলা মৎস্যজীবী দলের নেতা সালাউদ্দিন মন্টু, সাবেক ইউপি সদস্য আফসার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়ামোদীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং দেশীয় ক্রীড়ার ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
Reporter Name 


















