
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ৩০ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ১০ হাজার টাকা করে এককালীন অনুদানের চেক তুলে দেওয়া হয়। অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ অনুদান প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কাজে অবস্থান করায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আজিজুর রহমান সরকার (স্বপন)।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সমাজকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, অনুদানের অর্থ যেন যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যয় করা হয়, যাতে তা তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এ সময় উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
Reporter Name 
























