
ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজিত গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, একাডেমিক সুপারভাইজার মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মনিরুজ্জামান, মনির হোসেন এবং যুবদল নেতা সবুজ হাওলাদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে কাবাডি ও হ্যান্ডবলসহ বিভিন্ন ইভেন্টে নিজেদের দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
ফলাফলে বালক কাবাডি বিভাগে ভাণ্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় এবং বালিকা কাবাডি বিভাগে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অন্যদিকে বালক হ্যান্ডবল বিভাগে দক্ষিণ শিয়ালকাঠি আলিম মাদ্রাসা এবং বালিকা হ্যান্ডবল বিভাগে ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
Reporter Name 






















