
বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশাল জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও বাকেরগঞ্জ সার্কেলের সাবেক কর্মকর্তা ফরহাদ সরদারকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সচেতন মহলের অনেকে।
অভিযোগকারীদের দাবি, ফরহাদ সরদারের নামে একটি বক্তব্য প্রচার করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। প্রচারিত বক্তব্যে বলা হয়েছে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।’ তবে ফরহাদ সরদার এমন কোনো বক্তব্য দেননি বলে জানিয়েছেন।
সংশ্লিষ্টদের ভাষ্য, অতীতে সরকারি চাকরিতে দায়িত্ব পালনকালে রাজনৈতিক সরকারের বিভিন্ন কর্মসূচি ও দিবস উপলক্ষে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারীকেই আনুষ্ঠানিক বক্তব্য দিতে হয়েছে। সেই প্রেক্ষাপট বিবেচনা না করে কোনো কর্মকর্তাকে উদ্দেশ্য করে অপপ্রচার চালানো কতটা যৌক্তিক—এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
ফরহাদ সরদারের পরিচিতজনদের দাবি, বরিশাল জেলায় দায়িত্ব পালনকালে তিনি একজন বিনয়ী, মানবিক, সৎ ও কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করেছেন—এমন অভিযোগেরও কোনো প্রমাণ নেই বলে তারা দাবি করেন।
তাদের আরও দাবি, বর্তমানে ফরহাদ সরদার সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
এদিকে, কোনো বক্তব্য বা সংবাদ নিয়ে বিভ্রান্তি থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন সচেতন মহলের প্রতিনিধিরা। তাদের মতে, যাচাই-বাছাই ছাড়া কোনো কর্মকর্তাকে নিয়ে অপপ্রচার চালানো হলে তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এইচ এম কামাল, বাকেরগঞ্জ 






















