
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালীগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বোঝাই একটি ট্রলার ডুবে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির মা নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল অভিযান চালাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে দুর্ঘটনাস্থল নাজিরপুরের শ্রীরামকাঠী ও নেছারাবাদের ভরতকাঠী খেয়াঘাট এলাকা পরিদর্শন করেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর। এ সময় তিনি উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন এবং নিখোঁজ নারীকে দ্রুত উদ্ধারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে কালীগঙ্গা নদী পার হওয়ার সময় ট্রলারটি ডুবে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে নিখোঁজ নারীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে মঙ্গলবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান। এ সময় তিনি দুর্ঘটনার জন্য ঘাট পরিচালনায় অসতর্কতা ও অতিরিক্ত যাত্রী বহরকে দায়ী করেন।
নজরুল ইসলাম খান বলেন, দুর্গাপূজা উপলক্ষে ঘাট এলাকায় মানুষের সমাগম বাড়তে পারে—এ বিষয়টি ঘাটমালিকদের আগেই বিবেচনায় নেওয়া উচিত ছিল। কিন্তু এত বিপুলসংখ্যক যাত্রী সামাল দেওয়ার মতো প্রস্তুতি ঘাটমালিকদের ছিল না। তাঁর মতে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণেই এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছে।
প্রতিমন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর কর্মকর্তারা এবং জেলা ও উপজেলা বিএনপির নেতারা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কালীগঙ্গা নদীতে নিখোঁজ নারীকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দলের অভিযান চলছিল।
Reporter Name 





















