কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, একাডেমিক সুপারভাইজার রিয়াজুল হক, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শামসুর রহমান মিজান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক এবং প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ মন গঠন, শৃঙ্খলাবোধ বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শাখার প্রায় ২০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার—এই চারটি প্রধান ইভেন্টে বালক ও বালিকা পৃথক বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, রবিবার উপজেলা পরিষদ হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হবে।
Reporter Name 




















