
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ হাজার মিটার অবৈধ সুতার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা।
বুধবার (২১ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার কঁচা নদীর পাঙ্গাশিয়া এলাকায় ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
অভিযান চলাকালে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ সুতার জালগুলো উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন জেলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
তিনি আরও বলেন, অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Reporter Name 






















