
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে কঁচা নদী থেকে প্রায় আড়াই হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ‘ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা।
জেলা ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কঁচা নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বাড়বে। কিন্তু কিছু অসাধু ও অসচেতন মৎস্যজীবী সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলে ইলিশ শিকারের চেষ্টা করছেন। তাঁদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।”
তিনি আরও বলেন, অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে পুরো প্রজনন মৌসুমজুড়ে নিয়মিত নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Reporter Name 






















