সাতক্ষীরা প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনা হ্রাস এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে বুধবার সকালে শহরের অদূরে অবস্থিত টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি বাস্তবায়নে সহযোগিতা করে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রকৌশলী তানভীর আহমেদ। তিনি সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিরোধের উপায় এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
প্রশিক্ষণে আরও অংশ নেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ জমির হোসেন, পুলিশ পরিদর্শক (ট্রাফিক) মো. আরজু হোসেন, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক এবং উচ্চমান সহকারী মো. নাসির উদ্দিন।
প্রধান প্রশিক্ষক প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, “সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের দক্ষতা, সচেতনতা ও দায়িত্বশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে চালকদের মধ্যে সড়ক আইন সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়, যা দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।”
তিনি আরও বলেন, “পেশাজীবী চালকদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনা সম্ভব। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক।
কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে আরও সচেতনভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিআরটিএ কর্মকর্তারা জানান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 
















