কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালী, পিরোজপুর। দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।
সত্যেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— “বাল্যবিবাহকে না বলি, সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ি”। এ উপলক্ষে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষা অব্যাহত রাখার গুরুত্ব এবং আত্মনির্ভরশীল হয়ে গড়ে ওঠার বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করা হয়।
এছাড়া ইরেসপো প্রকল্পের আওতায় সঞ্চয় কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে “করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা” শীর্ষক বার্তাও তুলে ধরা হয়। বক্তারা বলেন, নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিশোরীরা নিজেদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।
সংশ্লিষ্টদের মতে, এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Reporter Name 
























