
এম এইচ কামাল, বরিশাল:
নাম পরিবর্তন করেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পাননি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল কালাম ওরফে কালাম আকন। মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।
বুধবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। দীর্ঘ ১৮ বছর ধরে তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, আবুল কালাম আজাদ নলুয়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ২০০৮ সালে ঢাকার সবুজবাগ এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ পুলিশ তাকে গ্রেফতার করে। পরবর্তীতে আদালত ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি এলাকায় ফিরে নাম পরিবর্তন করেন এবং স্থানীয় রাজনীতিতে যুক্ত হয়ে আবারও ইউপি সদস্য নির্বাচিত হন।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এইচ এম কামাল, বাকেরগঞ্জ 























