কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের সাবেক সদস্য এবং কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক মো. মামুন হোসাইন ওরফে বাবলু জোমাদ্দারকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তিগত সহায়তায় গত বুধবার (৮ সেপ্টেম্বর) ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বাবলু জোমাদ্দার কাউখালী উপজেলার নীলতী গ্রামের মৃত আব্দুল বারেক জোমাদ্দারের ছেলে।
পুলিশ জানায়, তিনি একটি চেক জালিয়াতি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়া ২০২৪ সালে কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার ৮ নম্বর পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
কাউখালী থানার এএসআই মহিউদ্দিন ও এসআই খায়রুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাউখালী থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে পিরোজপুর আদালতে সোপর্দ করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে কাউখালী থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। কাউখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে এ ধরনের আইনগত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান চলমান থাকবে।
Reporter Name 



















