সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা সদর উপজেলার খানপুর বিল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে চার ব্যক্তিকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, খানপুর বিল এলাকার একটি ঘেরের ভেতর থেকে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বালু উত্তোলন করা হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















