
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই রোধ এবং রাতের পাহারা ব্যবস্থা জোরদার করতে পুলিশ ও স্থানীয় জনগণের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের তালুকদার হাট বাজার প্রাঙ্গণে কাউখালী থানা পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় কোনো ধরনের অপরাধ, মাদক ব্যবসা, চুরি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের তথ্য পেলে তা গোপন না রেখে দ্রুত পুলিশকে জানান। জনগণের সঠিক তথ্যই অপরাধ দমনে পুলিশের সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স)। এলাকাকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রতিটি ইউনিয়নে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের নিয়ে নিয়মিত সভা করা হচ্ছে।”
সভাপতির বক্তব্যে শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন, “এলাকাকে শান্তিপূর্ণ রাখতে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সামাজিক অপরাধ ও মাদক প্রতিরোধে আমরা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করব। এলাকার নিরাপত্তায় রাতের পাহারা ব্যবস্থাও আরও শক্তিশালী করা হবে।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম সেপাই, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা লোকমান হাওলাদার এবং বিট অফিসার এএসআই মোঃ আরিফুল ইসলাম।
কাউখালী থানার এসআই ও শিয়ালকাঠী ইউনিয়নের বিট অফিসার দীপক বালার সঞ্চালনায় সভায় স্থানীয় বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
Reporter Name 






















