
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালায় কাউখালী থানা পুলিশ। অভিযানে উত্তর বাজারের লেপ-তোষকের দোকানের স্বত্বাধিকারী আব্দুল রাজ্জাক (৪২)কে আটক করা হয়। তিনি আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। এ সময় তার কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটকের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। পরে জব্দ করা ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন, এসআই মো. জিয়াউল হকসহ পুলিশের একটি দল অংশ নেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।”
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, “মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। কাউখালী উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে মাদক নির্মূলে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে আইনের আওতার বাইরে রাখা হবে না।”
এদিকে স্থানীয় সচেতন বাসিন্দারা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হলে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব হবে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে। তাদের মতে, প্রশাসনের কঠোর অবস্থান ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম একসঙ্গে চললে মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ফল পাওয়া যাবে।
Reporter Name 






















