
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের দক্ষিণ বাজারে দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে সংঘটিত এ ঘটনায় নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ ও রুপার গয়না চুরি হয়েছে। ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বুধবার (২২ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের মালিকানাধীন ‘আপন জুয়েলার্স’-এর পেছনের দেয়াল ভেঙে দুর্বৃত্তরা দোকানের ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে।
দোকানের মালিক বাবুল কর্মকার জানান, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে তিনি পেছনের দেয়াল ভাঙা দেখতে পান। পরে দোকানের মালামাল যাচাই করে দেখা যায়, নগদ ৩০ হাজার টাকা, প্রায় ৫ আনা স্বর্ণ এবং ৮০ ভরি রুপা চুরি হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
ওসি আরও বলেন, “ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে রাতের পাহারা আরও জোরদার করতে হবে। প্রতিটি দোকান ও মার্কেটের সামনে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোর ব্যবস্থা রাখার অনুরোধ করছি। কাউখালী থানা পুলিশের নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ সর্বদা পাশে থাকবে।”
এদিকে কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, “আমি আগেও পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম, দক্ষিণ বাজারে রাতের পাহারা যথেষ্ট নয়। এ এলাকায় প্রায়ই চুরির ঘটনা ঘটে। পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের আনাগোনাও রয়েছে। ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাজারের দুই সমিতির পৃথক সভার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা জরুরি।”
তিনি অভিযোগ করে আরও বলেন, “দক্ষিণ বাজারের ভেতরে কিছু চোর ও মাদক ব্যবসায়ীর বসবাস রয়েছে, যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। কিছুদিন আগে দিনের বেলায় সোহাগ তালুকদারের দোকান থেকে টাকা চুরির ঘটনায় নাম উল্লেখ করে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এদিকে এ ঘটনার পর দক্ষিণ বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত চোরদের গ্রেপ্তার, চুরি হওয়া মালামাল উদ্ধার এবং বাজারে নিয়মিত পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।
Reporter Name 






















