
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
‘বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ সভা ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উদ্যোগে ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের’ আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাসুম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল, অভিভাবক প্রতিনিধি রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থী অপি করিম ও সাদিয়া সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম। আলোচনা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মধ্যে প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেহেনা আক্তার বলেন, “আজকের কিশোরীরাই আগামীর ভবিষ্যৎ। তাই তাদের সচেতন করার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিতে হবে।”
তিনি বলেন, বিআরডিবির এ প্রকল্পের আওতায় ২০০ টাকা সঞ্চয়ের বিপরীতে সরকারের পক্ষ থেকে ৪০০ টাকা অনুদান পাওয়ার সুযোগ কিশোরীদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে উৎসাহিত করবে। একই সঙ্গে তাদের বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা থেকে দূরে রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ইউএনও আরও বলেন, কাউখালীর প্রতিটি কিশোরীকে আত্মবিশ্বাসী, সচেতন ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই প্রত্যাশা। এ লক্ষ্য অর্জনে কিশোরীদের পাশাপাশি অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আয়োজকদের মতে, এ ধরনের সচেতনতামূলক প্রশিক্ষণ কিশোরীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং ভবিষ্যৎ জীবন সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে সহায়ক হবে।
Reporter Name 




















