সাতক্ষীরা প্রতিনিধি:
দেশীয় মাছের প্রজনন ও পোনা সংরক্ষণ, খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিতকরণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় সাতক্ষীরার তালায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে সরকারি খালের মধ্যে নির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সকালে তালা সদর ইউনিয়নের জিয়ালা-নলতা গ্রামের সরকারি খালে এ অভিযান পরিচালিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমামের নেতৃত্বে মৎস্য অধিদপ্তরের একটি দল অভিযানে অংশ নেয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিক ইমাম জানান, খালের স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা, দেশীয় মাছের প্রজনন ও পোনা সংরক্ষণ এবং জলজ জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি খাল থেকে ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি খালের মধ্যে নির্মিত ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন। এ সময় এলাকাবাসীকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও অবৈধ কারেন্ট জালের ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ না করার বিষয়ে সতর্ক করা হয়।
মৎস্য কর্মকর্তা আরও জানান, সরকারি জলাশয় দখল ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Reporter Name 



















