
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ (আগাছানাশক) ভুলবশত পান করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী গাজী উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রতনপুর এলাকার একটি মুদি দোকানে রাখা সেভেন আপের বোতলে সংরক্ষিত ঘাসমারা ওষুধকে কোমল পানীয় ভেবে পান করেন জেহের আলী। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বৃহস্পতিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Reporter Name 


















