
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর সংসদীয় অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁকে দল থেকে বহিষ্কার করে স্পিকার ও নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিলেও এখন পর্যন্ত তাঁর সংসদ সদস্য পদ বহাল রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে—গাজী নজরুল ইসলাম বর্তমানে কোন দলের এমপি, নাকি তিনি স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন?
তবে গাজী নজরুল ইসলাম নিজেকে এখনো জামায়াতের সদস্য হিসেবেই দাবি করছেন। মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমাকে দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু আল্লাহর রহমতে আমার সদস্যপদ এখনো আছে। আমার জানামতে আমি এখনো খাতা-কলমে জামায়াতের সদস্য। জামায়াত কী বলছে বা না বলছে, সে বিষয়ে আমার জানা নেই।”
অন্যদিকে জামায়াতের নেতারা বলছেন, দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের সঙ্গে দলের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত ইতোমধ্যে জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মো. ইজ্জত উল্লাহ বলেন, “গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এখন তিনি কী বলছেন, সে বিষয়ে আমার জানা নেই। তাঁর সঙ্গে আমাদের কোনো যোগাযোগও নেই।”
এ বিষয়ে দলের হুইপ ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, “এ প্রশ্নের উত্তর তো তাকেই দিতে হবে।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলেও তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নির্ভর করে সংবিধান ও জাতীয় সংসদের বিধিবিধান অনুযায়ী স্পিকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় গাজী নজরুল ইসলামের সংসদীয় অবস্থান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
Reporter Name 


















