
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘শিকড় মানুষের জন্য’ সংগঠনের উদ্যোগে এবং অরাজনৈতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘ট্রি অব লাইফ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার ১৭১টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘শিকড় মানুষের জন্য’ সংগঠনের সভাপতি মো. ইব্রাহিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য তাজকিন আহমেদ চিশতী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, বিশিষ্ট সমাজসেবক ও জেলা মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শীলা, ট্রি অব লাইফের পরিচালক খুরশীদ আলী সুজা, পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, আতিকুর রহমান খান ছোট্ট, হাফিজুর রহমান খান বিটু, সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান শোভন, সেলিনা খান বেবি ও গিয়াস খান।
বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবান ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান। তারা বলেন, মানবিক সহায়তা কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা প্যাকেজে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ১ প্যাকেট বিস্কুট এবং ৫০০ গ্রাম মুড়ি দেওয়া হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ট্রি অব লাইফ এবং ‘শিকড় মানুষের জন্য’ সংগঠনের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 



















