
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় ‘গরীবের মেহমানখানা’ কর্মসূচির আওতায় ভিক্ষুক, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে শহরের করিম সুপার মার্কেট প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। আত্মমানবতার সেবায় প্রতি সপ্তাহের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে এদিনও শতাধিক অসহায় মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা তালহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন সাতক্ষীরা পৌরসভার সাবেক ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শরিফুল আলম বাবু।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই করিম সুপার মার্কেটের ব্যবসায়ীরা নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করে আসছেন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় করিম সুপার মার্কেটের ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Reporter Name 


















