
কাউখালী প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দক্ষিণ বাজারের ‘কামরুল স্টোর’-এ মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং সয়াবিন তেলের বোতলে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইভাবে উত্তর বাজারের ‘বিসমিল্লাহ স্টোর’-এও একই ধরনের অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটির মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নুরুল আলম বখতিয়ার, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মেহেদী হাসান এবং কাউখালী থানা পুলিশের একটি দল অংশ নিয়ে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, বাজার তদারকির নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Reporter Name 























