
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
নেছারাবাদের ছারছীনা দরবার শরীফের মাহফিল স্টেজের উত্তর পাশে খোলা মাঠে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ মার্চ) সকাল আনুমানিক সারে ১১টার দিকে মাঠে থাকা সন (বড় ঘাস) থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে জমে থাকা সন ও শুকনো ঘাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ছারছীনা মাদ্রাসার ছাত্র, শিক্ষক ও কর্মচারীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন।
পরে নেছারাবাদ ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ছারছীনা আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের শিক্ষক মোঃ নজরুল ইসলাম জানান, মাঠের মধ্যে জমে থাকা বিভিন্ন পলিথিনের স্তুপ বা অতিরিক্ত তাপের কারণে শুকনো সনে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই ছাত্র ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান এবং পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তিনি আরো বলেন ছারছিনের মধ্যে আগুন দিতে পারে এমন কেউ নাই।
নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, ছারছীনা দরবার শরীফ এলাকায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য আগামী ১২ই মার্চ (ফাল্গুনের) ১৩৬তম বার্ষিক মাহফিল শুরু হতে যাচ্ছে।
Reporter Name 























