সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে উঠেছে আশাশুনি উপজেলা দল। দ্বিতীয় সেমিফাইনালে শ্যামনগর উপজেলা দলকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। আগামী ৩০ আগস্ট বিকেলে মেঘা ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলের মুখোমুখি হবে আশাশুনি।
রোববার (২৩ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় আশাশুনি ও শ্যামনগর উপজেলা দল। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ।
খেলার ২৪ মিনিটে শ্যামনগর দলের বিদেশি খেলোয়াড় গিয়াসের শট আশাশুনির ডিফেন্ডার ফাহিমের মাথায় লেগে জালে জড়ালে আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় শ্যামনগর। এরপর বেশ কয়েকটি আক্রমণ চালালেও ব্যবধান বাড়াতে পারেনি তারা।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আশাশুনি দলের বিদেশি খেলোয়াড় বেনজামার গোল করে ম্যাচে সমতা ফেরান। ফলে ১-১ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে আশাশুনির বিদেশি খেলোয়াড় সামসি দুর্দান্ত গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। গোল পরিশোধে মরিয়া হয়ে শ্যামনগর একের পর এক আক্রমণ চালাতে থাকে। ৬৫ মিনিটে আশাশুনির রাজুর করা দৃষ্টিনন্দন গোল অফসাইডের কারণে বাতিল হয়।
শেষ পর্যন্ত ৬৯ মিনিটে শ্যামনগরের কর্নার কিক থেকে বিদেশি খেলোয়াড় গ্যাস গোল করে ২-২ সমতায় ফেরান। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে আশাশুনি উপজেলা দল ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে।
আগামী ৩০ আগস্ট রোববার বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মেঘা ফাইনালে আশাশুনি উপজেলা দল ও কালিগঞ্জ উপজেলা দল মুখোমুখি হবে।
Reporter Name 



















