কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর শুভ উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও সবুজ ক্লান্তি সিকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর মো. লুৎফর রহমান, কচুয়াকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুপালি, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এবং সিনিয়র সাংবাদিক এনামুল হক।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকদের সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে প্রাথমিক শিক্ষা পদক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর উদ্বোধন এবং প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। পরিবেশ সুরক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার দায়িত্ব নিতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম বলেন, প্রাথমিক শিক্ষা পদক শিক্ষকদের ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অন্যদেরও উদ্বুদ্ধ করে। তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রতিটি বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা বিভাগ কাজ করে যাচ্ছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার অংশ। শিক্ষা ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
Reporter Name 






















