
প্রতিনিধি,নেছারাবাদ ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক যুবককে গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) রাতে জিনুহার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) পরিতোষ মল্লিকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছালে মাহফুজ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম মো. মাহফুজ (২৫)। তিনি উপজেলার আরামকাঠি গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মো. জাহাঙ্গীর হোসেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশের এ ধরনের অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
Reporter Name 


















