
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
যুব সমাজকে অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও স্বাভাবিক জীবনে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর। তিনি বলেন, যুব সমাজই দেশের চালিকাশক্তি। তাই লেখাপড়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে।
শুক্রবার বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেও দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যাপক অবদান রয়েছে। খেলাধুলাকে এগিয়ে নিতে তাঁদের ভূমিকা ছিল অসামান্য। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা এগিয়ে নিচ্ছেন। খেলাধুলাকে কেবল শখের বিষয় হিসেবে নয়, বরং মর্যাদাপূর্ণ ও স্থায়ী পেশা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন নীতিগত পদক্ষেপ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। বর্তমানে ক্রিকেটে বাংলাদেশ বিশ্বে বিশেষ পরিচিতি অর্জন করেছে। একইভাবে ফুটবলেও বাংলাদেশ একদিন আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো. শফিকুল ইসলাম ফরিদ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দীন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মইনুল হাসান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে শুক্রবার সকালে প্রতিমন্ত্রী উপজেলার নাপিতখালীতে ২২ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে তাগিদ দেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি পরিদর্শন ও সম্ভাব্য প্রকল্পের স্থান ঘুরে দেখেন। সর্বশেষ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত আটঘর কুড়িয়ানায় ‘স্নিগ্ধায়ন’ উপজেলা প্রশাসন রেস্ট হাউজের উদ্বোধন করেন।
Reporter Name 


















