সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযান চালিয়ে ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় শাড়ি, বোরকা ও মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দ করা মাদক ও চোরাচালানি পণ্যের মোট সিজারমূল্য ২ লাখ ৪২ হাজার টাকা।
রোববার (১ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির টহল দল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ভোমরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের মেইন পিলার ৪/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণদাঁড়ি শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করে।
অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির টহল দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ৪ নম্বর আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেড়াগাছি এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা জব্দ করে। একই সীমান্ত পিলারের ৬ নম্বর আরবি থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাদিয়ালি এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে মাদরা বিওপির টহল দল।
এ ছাড়া কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আয়সার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। জব্দ করা ইয়াবার সিজারমূল্য ৩ হাজার টাকা।
বিজিবি জানায়, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকেও বঞ্চিত হয়।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি। জব্দ করা মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reporter Name 















