
ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইনসহ মো. গোলাম রসুল (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ধামরাই পৌরসভার দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার জাবেদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম রসুলকে ৩০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার তেররশিয়া এলাকার আরশাদ আলীর ছেলে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, “গোলাম রসুল একজন চিহ্নিত মাদক কারবারি। তার নামে একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ছবির ক্যাপশন: হেরোইনসহ গ্রেফতার মো. গোলাম রসুল।
Reporter Name 
















