ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় অবস্থিত একটি চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
জানা গেছে, ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ নামের ওই কারখানায় শনিবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। কারখানা কর্তৃপক্ষের দাবি, রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজ কক্ষে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক সোয়া ১২টার দিকে মুখোশধারী অন্তত তিনজন ব্যক্তি কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা চীনা কর্মকর্তার কক্ষে ঢুকে তার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তার কাছ থেকে চাবি নিয়ে লকার খুলে সেখানে রাখা নগদ ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
কারখানার কর্মকর্তারা জানান, কারখানার পেছনের অংশে কোনো সিসিটিভি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি।
কারখানার ম্যানেজার বলেন, “রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে। তারা চীনা কর্মকর্তাকে বেঁধে গলায় ছুরি ধরে লকার খুলতে বাধ্য করে এবং সেখান থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায়। যে দিক দিয়ে তারা প্রবেশ করেছে, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।”
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনজন দুর্বৃত্ত কারখানার দোতলায় প্রবেশ করে নগদ টাকা নিয়ে যায়।
তিনি বলেন, “ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং লুণ্ঠিত অর্থ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Reporter Name 


















