
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোগে দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলজ (আম) গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ঝাউডাঙ্গা কলেজ ও ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
দুপুর ১২টায় ঝাউডাঙ্গা কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মুর্শিদ আলম।
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের গভর্নিং কমিটির সদস্য ও ঝাউডাঙ্গা ইসলামিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, কলেজের উপাধ্যক্ষ নূরুল আমীন, ইউপি সদস্য ইদ্রিস আলী, জাহিদ ইকবাল, ছিদ্দিকুল ইসলাম, শরিফুল ইসলাম ও আজহারুল ইসলামসহ অন্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মো. মুর্শিদ আলম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠান শেষে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
Reporter Name 



















