
প্রতিনিধি,নেছারাবাদ ;
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে খোকন হাওলাদার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি উপজেলার সারেংকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ঘটে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৬ মে দুপুরে কাজ শেষে গোসল করতে বাড়ির পেছনের খালে যান ওই গৃহবধূ। এ সময় আশপাশ নির্জন দেখে অভিযুক্ত খোকন হাওলাদার তাকে প্রথমে কু-প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হলে সে জোরপূর্বক হাত ধরে টানাটানি করে এবং শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী গৃহবধূ জানান, খোকন হাওলাদার দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার সময় তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাকে ছেড়ে দিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বামী, শ্বশুর-শাশুড়ি ও স্থানীয় লোকজনকে জানিয়ে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর দায়ের করা ধর্ষণচেষ্টা মামলায় অভিযুক্ত খোকন হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। কাওসার মাহমুদ সাউথ বেঙ্গল নিউজ৷
Reporter Name 
























