সাতক্ষীরা প্রতিনিধি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-২০২৬ উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল উপলক্ষে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ।
অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, মানবকল্যাণে তাঁর অবদান এবং শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খান মকছুদর রহমান, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) জি.এম. আলতাফ হোসেন, সহকারী শিক্ষক রোকেয়া সুলতানা, মো. মহব্বত হোসেন, মৌলভী আবুল কালাম আজাদ ও মোহাম্মদ জিল্লুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
পরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতা ও ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম, খালিদ ও মাহিদ। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচির মধ্য দিয়ে মহানবী (সা.)-এর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা হয়।
Reporter Name 



















