
সাতক্ষীরা প্রতিনিধি
পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা এবং শৃঙ্খলাবোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট ২০২৬) সকাল ৮টা ৩০ মিনিটে সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিলশেডে এ প্যারেডের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের মাঠ পর্যায়ের প্যারেড দক্ষতা, শারীরিক ফিটনেস এবং টার্নআউট মূল্যায়ন করেন। এ সময় চৌকস ও দক্ষতা প্রদর্শনকারী কয়েকজন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। প্যারেড শেষে সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পুলিশ সুপার।
পরে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “মাস্টার প্যারেড পুলিশের শৃঙ্খলা চর্চার একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি পেশাদার ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তুলতে শৃঙ্খলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন যেকোনো আচরণ থেকে সবাইকে বিরত থাকতে হবে। ড্রেস রুলস মেনে পোশাক পরিধান, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, বিদ্যুৎ ও জ্বালানিসহ সরকারি সম্পদের সাশ্রয়ী ব্যবহার, সরকারি মালামালের যথাযথ সংরক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
একই সঙ্গে জনসাধারণের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার আহ্বান জানান পুলিশ সুপার।
মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর চৌধুরী, জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ জোরদারে জেলা পুলিশের নিয়মিত আয়োজন হিসেবে এ ধরনের মাস্টার প্যারেড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
Reporter Name 



















