
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধের লক্ষ্যে পরিচালিত “ডেভিল হান্ট” বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. মনিরুল ইসলাম (৪০)। তিনি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের মৃত আফতাব উদ্দিন গাজীর ছেলে এবং রামপাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
রামপাল থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুলাই দিবাগত রাতে গৌরম্ভা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পুলিশ মনিরুল ইসলামকে আটক করে রামপাল থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ জানান, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও জোর দিয়ে বলেন, “রামপাল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে যুবলীগ নেতা গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা যায়। এলাকায় মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য নির্মূলে পুলিশের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিত চাল রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
Reporter Name 



















