সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ, অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ। সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করার পাশাপাশি জেলায় এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার, সীমান্তে চোরাচালান, অবৈধ ঘাট ও ঘাট মালিকদের কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, খুন-হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত সরকারের আমলে বিভিন্ন ধরনের হয়রানিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, “বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। এ সময়ে পুলিশকে আরও দৃশ্যমান হতে হবে এবং জনগণের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে ‘জিরো টলারেন্স’। কোনো পুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়, তাদেরও আইনের আওতায় আনা হবে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে।”
অনলাইন জুয়ার বিষয়ে তিনি বলেন, “অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশ আরও সক্রিয় হবে। আইনবিরোধী কর্মকাণ্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা।
মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ বিশ্বাস, অর্থ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















