সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেছেন, জান্নাতের টিকিট দেওয়ার ক্ষমতা শুধুমাত্র মহান আল্লাহর। অন্য কারও সেই ক্ষমতা নেই। মানুষকে ধর্মের নামে ভুল বোঝানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে দেবহাটা উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক আহ্বায়ক মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রহমাতুল্লাহ পলাশ বলেন, “নারীরা বুঝতে পেরেছিল যে জান্নাতের টিকিট এটা ভুয়া টিকিট। জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়। আপনাদের ভুল বোঝানো হয়েছে। ধর্ম নিয়ে আমরা রাজনীতি করি না। আমরা দেশের মাটি ও মানুষের উন্নয়নের রাজনীতি করি।”
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।
রহমাতুল্লাহ পলাশ আরও বলেন, তার পিতা সাবেক বস্ত্রমন্ত্রী মুনসুর আলী সাতক্ষীরা জেলার প্রথম মন্ত্রী ছিলেন। দেশের বস্ত্র খাতের উন্নয়নে তার ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। তিনি দাবি করেন, বর্তমানে দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ বস্ত্র খাত থেকে আসে এবং এ খাতে বিপুলসংখ্যক নারী কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
নারী শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত নারী শিক্ষার সুযোগ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। পাশাপাশি বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার দাবি, এ কার্ডের মাধ্যমে পরিবারের নারী কর্তা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন।
তিনি বলেন, “জান্নাত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। মহান আল্লাহ ছাড়া অন্য কেউ জান্নাত দেওয়ার কথা বললে তা বিশ্বাস করা ঠিক নয়।”
এ সময় তিনি নারীর সম্মান ও নিরাপত্তার বিষয়েও কথা বলেন এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেন।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ জাবলু, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু এবং দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে পারুলিয়া এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
Reporter Name 
















