
সাতক্ষীরা প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কলারোয়া পৌরসভা এলাকায় যুবদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পোস্ট অফিস মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও স্বাভাবিক জনজীবন বজায় রাখতে যুবদল সবসময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারা পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় যুবদলের পক্ষ থেকে শিগগিরই উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
উপজেলা যুবদলের সদস্যসচিব তাওফিকুর রহমান সঞ্জুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএম আশরাফুজ্জামান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, সোহেল রানা ও রুহুল আমিন খোকন।
এ সময় উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান, চন্দনপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব শফিউল আলম, যুবদল নেতা শাফিজুল ইসলাম, আকতারুজ্জামান আকতার, শহিদুল ইসলাম, আশরাফুজ্জামান বাবু, হেলাতলা ওয়ার্ড বিএনপি নেতা আতিয়ার রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
Reporter Name 



















