সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের নেতৃত্বে এসআই মো. আব্দুর রউফ ও সঙ্গীয় ফোর্স উপজেলার বড়দল বাজার মোটরসাইকেল স্ট্যান্ডসংলগ্ন আমিনুর গাজীর চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, অভিযানকালে জুয়া খেলার অভিযোগে বড়দল গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে আমিনুর গাজী, মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে মিজানুর রহমান, মৃত শের আলী মালীর ছেলে মহব্বত মালী এবং বুড়িয়া গ্রামের মৃত জিয়াদ আলী সানার ছেলে মুকুল সানাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় বড়দল গ্রামের মৃত মোহর আলী ঢালীর ছেলে সুরত ঢালী, বুড়িয়া গ্রামের মৃত যতীন মণ্ডলের ছেলে সরজিৎ মণ্ডল এবং বড়দল গাজীপাড়া এলাকার মৃত মোহাম্মদ গাজীর ছেলে সিরাজুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৫২টি বিভিন্ন রঙের তাস এবং জুয়া খেলার ৬ হাজার ৮২০ টাকা নগদ জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Reporter Name 










